দুর্গাপূজার সময় বিদ্যুৎ বিভ্রাট হবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি থাকলেও দুর্গাপূজার সময় কোনো বিদ্যুৎ বিভ্রাট হবে না। এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। জাতীয়তাবাদী বাংলাদেশে মুসলিম-হিন্দু সবাই ঐক্যবদ্ধ থাকবে। ধর্মের কারণে কোনো বিভাজন হবে না। বাংলাদেশে কোনো জঙ্গি বা উগ্রবাদের স্থান নেই। কেউ এসব কাজে যুক্ত থাকলে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর এবারই প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তাই পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠক থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, এবারই প্রথম দেশের প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলোতে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিএনপির প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের উত্তরবঙ্গের নেতা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights