দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে সতর্কবার্তা এমপি সরোয়ার আলমগীরে

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতেও শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি পূজারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে ছিল ভুজপুরের খৈয়া চা-বাগান, আছিয়া চা-বাগান ও সূর্যিগরি আশ্রম। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সরোয়ার আলমগীর বলেন, কেউ যেন উসকানি দিয়ে বা অপ্রীতিকর কর্মকাণ্ডের মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরোয়ার আলমগীর আরও বলেন, আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সঙ্গে দেখা করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights