দোকানপাট বন্ধের সময়সীমা আগের নিয়মে ফিরল
অনলাইন ডেস্ক
দোকানপাট খোলা ও বন্ধের সময়সীমা আগের নিয়মে ফিরেছে। এখন থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। গতকাল শুক্রবার এই সময়সীমা চালু হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্দেশনা দিয়ে বলেছিল, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বর্ধিত সময় কার্যকর থাকবে।
তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আরও বলেছিল, ২৩ অক্টোবর থেকে আবার আগের নিয়মে (রাত ৮টা) ফিরবে। ফলে গতকাল থেকেই পুরোনো নিয়ম কার্যকর হলো।
বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাটের বর্ধিত সময় কার্যকর করা হয়েছিল।
