দোসায় মৃত ইঁদুর, ২৫ লাখ টাকা চাঁদা দাবি; দর-কষাকষিতে কমিয়ে আনা হয় ৭ লাখে

অনলাইন ডেস্কx
ভারতের মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দোসার ভেতর মৃত ইঁদুর পাওয়ার অভিযোগের ঘটনায় নতুন মোড় নিয়েছে। অভিযোগের পর রেস্তোরাঁটির লাইসেন্স স্থগিত হলেও এবার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মালিকের কাছে ২৫ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের বোরিভালি পুলিশ।

ঘটনাটি ঘটেছে বোরিভালি পশ্চিমের রাধাকৃষ্ণ হোটেলে। গত ২৪ সেপ্টেম্বর এক গ্রাহক মাইসোর মাসালা দোসার ভেতর ছোট একটি মৃত ইঁদুর পাওয়ার অভিযোগ করেন। তাঁর দাবি, দোসার কিছু অংশ খাওয়ার পর ইঁদুরটি দেখতে পান এবং পরে অসুস্থ হয়ে বমি করেন। বিষয়টি বোরিভালি থানায় জানানো হলে ঘটনাটি খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নজরে আসে।

এরপর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের এফডিএ রাধাকৃষ্ণ হোটেলের লাইসেন্স স্থগিত করে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, এর পরই রেস্তোরাঁর মালিক জয় কিশোর শাহের কাছে ফোন আসতে থাকে। দুই নারী নিজেদের ওই গ্রাহকের সঙ্গে সম্পর্কিত বলে পরিচয় দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ২৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি আবার ছড়িয়ে দেওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

পরে দর-কষাকষির মাধ্যমে দাবিকৃত অর্থ ২৫ লাখ থেকে কমিয়ে ৭ লাখ টাকা করা হয়। রেস্তোরাঁর মালিক প্রথমে ১ লাখ টাকা দেন এবং বাকি ৬ লাখ টাকা পরে দেওয়ার কথা জানান। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশের পাতা ফাঁদে ৫ অক্টোবর বাকি ৬ লাখ টাকা নিতে এলে দুই নারীকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ৩৬ বছর বয়সী মানসি অমিত আচার্য ও ২৯ বছর বয়সী কিনজল সুভাষ ভাটিয়া। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী চাঁদাবাজির মামলা করা হয়েছে।

এদিকে দোসার ভেতর সত্যিই ইঁদুর পাওয়া গিয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ইঁদুরটি খাবারের মধ্যে কীভাবে গেল—রেস্তোরাঁর অবহেলায়, নাকি অন্য কোনোভাবে—তা খতিয়ে দেখছে পুলিশ। তথ্যসূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights