ধূমপানের কারণে বদলে গেছে সেলেনার কণ্ঠস্বর, সতর্ক করলেন ভক্তদের
শোবিজ ডেস্ক
নিজের কণ্ঠস্বর বদলে যাওয়ার পেছনের আসল কারণ জানিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। একসময় অতিরিক্ত ই-সিগারেট বা ভেপ ব্যবহারের ফলেই তার গলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রকাশ্যেই স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই পপতারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভাবাবেগপূর্ণ ভিডিওতে ভক্তদের সঙ্গে নিজের এই বাজে অভ্যাস ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে অকপট কথা বলেছেন ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ খ্যাত এই তারকা।
নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত সেলেনা জানান, দীর্ঘদিন ধরে তিনি অনিয়ন্ত্রিতভাবে উচ্চমাত্রার নিকোটিনযুক্ত ই-সিগারেট পান করেছেন। এর ফলে তার স্বরযন্ত্রে স্থায়ী প্রভাব পড়েছে এবং গলার স্বর আগের থেকে বেশ বদলে গেছে। ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, নিকোটিনের আসক্তি ত্যাগ করা অত্যন্ত কঠিন। তবে যারা এখনো এটি শুরু করেননি বা ছাড়ার চেষ্টা করছেন, তাদের বলতে চাই—এটি মোটেও লাভজনক কিছু নয়। ই-সিগারেট একটি অত্যন্ত বোকামি সিদ্ধান্ত এবং এটি আমার গলা পুরোপুরি বদলে দিয়েছে।
গায়িকা মজা করে আরও যোগ করেন, কেউ যদি এখন তার পরিবর্তিত গলা শুনতে পছন্দ না করেন, তবে তাতে তার কোনো আপত্তি নেই, তারা গান না শুনলেও চলবে।
লুপাস নামক জটিল অটোইমিউন ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে সেলেনা গোমেজ দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, লুপাসের লক্ষণ প্রকট হলে কণ্ঠনালিতে প্রদাহ ও ফোলাভাব সৃষ্টি হয়, যা গলার স্বর খসখসে বা ভারী করে তোলে। কিন্তু এবার তিনি স্পষ্টভাবে মেনে নিলেন যে, লুপাসের পাশাপাশি তার অনিয়ন্ত্রিত ধূমপানের অভ্যাসই গলার এই চরম পরিবর্তনের প্রধান কারণ। তবে স্বস্তির বিষয় হলো, বর্তমানে তিনি কঠিন প্রচেষ্টার মাধ্যমে নিকোটিন ছাড়তে সক্ষম হয়েছেন এবং ভবিষ্যতে যেন আর এই অভ্যাসে ফিরে যেতে না হয়, সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
একই সঙ্গে ভক্তদেরও যেকোনো বাজে আসক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সেলেনার এই অকপট স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ২০১৭ সালে লুপাস ব্যাধির কারণে জীবন বাঁচাতে সেলেনাকে নিজের একটি কিডনি দান করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্সিয়া রাইসা। কিডনি প্রতিস্থাপনের মতো সংবেদনশীল অস্ত্রোপচারের পরও সেলেনার ধূমপান ও নিকোটিনে আসক্ত হওয়ার বিষয়টি নিয়ে অনেকে অসন্তোষ ও সমালোচনা করেছেন।
তবে সমালোচনার পাশাপাশি অনেক ভক্ত তার এই সততার প্রশংসা করেছেন এবং ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করায় ও প্রকাশ্যে নিজের ভুল মেনে নেওয়ায় গায়িকাকে সমর্থন জানিয়েছেন।
বিজ্ঞানীদের মতে, ই-সিগারেট ক্ষতিকর নয় বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা সম্পূর্ণ ভুল। এর মধ্যকার নিকোটিন অত্যন্ত দ্রুত আসক্তি তৈরি করে এবং ফুসফুসের শ্বাসকষ্ট, কাশি, মানসিক চাপ থেকে শুরু করে শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতিসাধন করে। সেলেনা গোমেজের এই স্বীকারোক্তি তরুণ প্রজন্মের কাছে ধূমপান ত্যাগের একটি বড় বার্তা হয়ে উঠেছে বলে মনে করছেন বিনোদন ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সূত্র: বিবিসি
