নগদে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে রুল খারিজ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রিটটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে উচ্চ আদালত এ রায় দেন।

আজ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মুস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কালাম খান ও মো. জামিলুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী বি এম ইলিয়াস কচি ও আইনজীবী সাইফুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংক গত বছরের ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে। এতে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম ২ সেপ্টেম্বর রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট প্রশাসক নিয়োগ প্রশ্নে রুল জারি করে।

রুলে ২০০৪ সালের পরিশোধ ও নিষ্পত্তিব্যবস্থা আইনের ৩১(১) ও (২) ধারা প্রতিপালন না করে নগদে প্রশাসক নিয়োগের গত ২১ আগস্টের মেমো (আদেশ) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

রায়ের পর আইনজীবী বি এম ইলিয়াস কচি জানান, নগদ ডাক বিভাগের এজেন্ট বলে রায়ে উল্লেখ করা হয়েছে। প্রশাসক নিয়োগের আগে কারণ দর্শানোর জন্য ডাক বিভাগকে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগ নোটিশের জবাব দেয়। এ ক্ষেত্রে রিট আবেদনকারীকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করা হয়। যেহেতু নগদ ডাক বিভাগের এজেন্ট, তাই রিট আবেদনকারী সংক্ষুব্ধ হলে তিনি সেখানে আবেদন করতে পারতেন। সেটি তিনি করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights