নতুন কোচ খুঁজছে বাফুফে

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-২০ দলের জন্য এক মাসের চুক্তিতে আয়ারল্যান্ডের কোচ মার্ক কক্সকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার অধীনেই বাংলাদেশ সফলভাবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখে। সংক্ষিপ্ত মেয়াদে সফল দায়িত্ব পালন শেষে ইতিমধ্যে নিজ দেশে ফিরে গেছেন এই আইরিশ কোচ।

আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব চলতি বছরই অনুষ্ঠিত হবে। এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান, যেখানে জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ। এদিকে বাংলাদেশকে গ্রুপ আয়োজক করার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে আবেদনও করেছে ফেডারেশন।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পর এখন লক্ষ্য এশিয়ান কাপে খেলা। তাই বাছাইপর্ব পেরোতে যুব দলকে আরও শক্তভাবে প্রস্তুত করতে চায় ফেডারেশন। এ উদ্দেশ্যে অনূর্ধ্ব-২০ দলের জন্য একজন বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ডেভেলপমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ফেডারেশনের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি জানান, বয়সভিত্তিক দলগুলোর জন্য বিশেষ করে যুব ও তৃণমূল ফুটবলের উন্নয়নে কোচ নিয়োগ দেওয়া হবে। এ জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এপ্রিলের মধ্যেই কোচ চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং মে মাসের মাঝামাঝি সময়ে নতুন কোচ দায়িত্ব নিতে পারেন। পাশাপাশি ফেডারেশনের বর্তমান কোচদের নিয়ে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের জন্য একটি শক্তিশালী কোচিং স্কোয়াড গঠনের পরিকল্পনাও রয়েছে।

মার্ক কক্সের অধীনেই বাংলাদেশ শিরোপা জিতলেও তাকে নতুন করে বিবেচনা করা হচ্ছে না কেন এমন প্রশ্নে নাসের শাহরিয়ার জাহেদি বলেন, তার সঙ্গে এক মাসের চুক্তি ছিল এবং তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ফেডারেশন তাকে যথাযথ মূল্যায়ন করেছে এবং বিদায়ের সময় অতিরিক্ত প্রণোদনাও দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তাকে নিতে হলে নিয়মিত প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

মার্ক কক্সকে ঘিরে সনদ জালিয়াতির অভিযোগ নিয়ে যে আলোচনা উঠেছে, সে বিষয়ে জাহেদি বলেন, কক্স কখনোই নিজেকে সর্বোচ্চ স্তরের লাইসেন্সধারী দাবি করেননি। তিনি নিজেকে ‘এ’ গ্রেড লাইসেন্সধারী হিসেবেই উল্লেখ করেছেন। পুরো বিষয়টি আসলে একটি ভুল বোঝাবুঝি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights