নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ৪ মিনিটে সোহাগী (১৯) নামে ওই নারী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে তল্লাশি চালায়। দীর্ঘ চেষ্টার পর ডুবুরিরা ধলেশ্বরী নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান চলাকালে ডুবুরি দলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights