নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪

অনলাইন ডেস্ক

জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জেরে রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও মারামারিতে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি কেনাবেচা-সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে গত ২৬ সেপ্টেম্বর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights