পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেসক্লাবের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন।

কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআরটি ওয়ার্ল্ডের তুরস্কের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান বাবলু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সামছুদ্দিন ইলিয়াস এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রেসক্লাব। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, আপনারা সমাজের নানা অসংগতি তুলে ধরছেন, যাতে সেসবের ভিত্তিতে প্রশাসন সুশাসন নিশ্চিত করার দিকে এগিয়ে যায়। এটাই বাস্তবতা। রাষ্ট্রে কোথাও না কোথাও জবাবদিহির জায়গা থাকতে হবে। আমাদের আহ্বান থাকবে, দ্রুততার সঙ্গে কে আগে সংবাদ প্রকাশ করতে পারল, সেটিকে গুরুত্ব না দিয়ে সংবাদের মান এবং সত্যতা যাচাইকে প্রাধান্য দিন।

তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, অনেক সময় সংবাদের শিরোনামের সঙ্গে গল্পের কোনো মিল থাকে না, এটিকে বলা হয় ক্লিকবেট জার্নালিজম। আমি কখনো ক্লিকবেট জার্নালিজমের পক্ষে ছিলাম না, এখনো নই। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। গল্পের ভেতরে যা নেই, শুধু ভিউ পাওয়ার জন্য তা শিরোনামে দেওয়া হয়। দিন শেষে কেউ সাংবাদিকতার কথা বলে না, বলে ভিউয়ের কথা। আমি এই ভিউনির্ভর সাংবাদিকতার পক্ষে নই। সাংবাদিকতার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সাংবাদিকতা একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত হতে হলে ভাষার সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জ্ঞানের দুটি ভাগ রয়েছে। একটি হলো বুদ্ধি তৈরি করা, অন্যটি প্রযুক্তিগত জ্ঞান। এখনকার সাংবাদিকতা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত জ্ঞান কীভাবে ব্যবহার করতে হবে, সেটিও জানতে হবে। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সব মিলিয়েই সাংবাদিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights