নিরাপত্তা পরিষদের বৈঠকের পর নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে যোগদানের কথা ভাবছেন, তখন মঙ্গলবার (১৭ জুন) রাতে তাদের ফোনালাপ হয়। আপাতদৃষ্টিতে এই অঞ্চলে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার জন্য এই ফোনকল বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমগুলো।

নেতানিয়াহু ইসরায়েল সময় রাত ১টার দিকে ট্রাম্পের সাথে তার ফোনালাপ শেষ করেন। ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সাথে কথা বলছেন।

এদিকে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি ইরানের “নিঃশর্ত আত্মসমর্পণ” চাইছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সংঘাতের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

সংবাদমাধ্যমটি বলছে, হামলা “আলোচনার বিকল্পের মধ্যে একটি” এবং ট্রাম্প এখনও “অপেক্ষা” করছেন এই আশায় যে, ইরান চাপের মুখে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দেবে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights