নৌ অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানাচ্ছে ইরান: দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

​​​​যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধের মুখে দিশেহারা হয়ে পড়েছে ইরান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অবরোধ প্রত্যাহারের জন্য তারা এখন ওয়াশিংটনের কাছে রীতিমতো আকুতি জানাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন চাঞ্চল্যকর দাবি করেছেন।

মিশিগানে জেনারেল মোটরসের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমাদের নৌবাহিনীর অবরোধ কতটা শক্তিশালী ভেবে দেখুন! একটি নৌকাও এখন সেখানে ঢুকতে পারছে না। আর ইরান বারবার বলছে—দয়া করে, দয়া করে অবরোধ তুলে নিন।

মার্কিন প্রেসিডেন্ট দম্ভভরে ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, শীর্ষ নেতৃত্ব এবং বিমানবিধ্বংসী অস্ত্রশস্ত্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও এখন তলানিতে। ট্রাম্পের দাবি, সামরিক সরঞ্জাম ধ্বংসের কারণে বর্তমানে ইরানের ড্রোন উৎপাদন নেমে এসেছে মাত্র সাত শতাংশে।

গত প্রায় অর্ধশতাব্দী ধরে ইরানকে মধ্যপ্রাচ্যের ‘ত্রাস’ আখ্যা দিয়ে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ওবামা ভেবেছিলেন ইরানকে ঘুষ দিয়ে বশে আনা সম্ভব। কিন্তু ট্রাম্পের নীতি হলো—তাদের ঘুষ দিয়ে নয়, বরং পিটিয়ে সোজা করতে হবে। এবং যুক্তরাষ্ট্র এখন ঠিক সেটাই করছে।

ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের এমন কঠোর পদক্ষেপের কারণেই তেহরান এখন বাধ্য হয়ে সমঝোতায় আসতে চাইছে। তিনি বলেন, আমরা যদি তাদের সঙ্গে কঠোর না হতাম, তবে কোনো আলোচনাই হতো না। তবে বর্তমানে তাদের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। শেষ পর্যন্ত কী ঘটে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights