ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে রাশিয়ার। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরোধের চেষ্টা করা হলে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের পুরো অস্ত্রভাণ্ডার ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে ন্যাটোকে সতর্ক করেছে মস্কো। এর জবাবে রাশিয়াকে পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার কোনো উদ্যোগ নেওয়া হলে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি কূটনৈতিক নথিতে সতর্ক করেছে রাশিয়া। বুধবার পাঠানো ওই নথিতে রাশিয়া দাবি করেছে, ‘কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো’—এমন তথ্য তাদের হাতে রয়েছে।

রাশিয়ার এই সতর্কবার্তার প্রতিক্রিয়ায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। রাশিয়ার উচিত ‘পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করা’। একই সঙ্গে রাশিয়ার পাঠানো কূটনৈতিক নথি কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে রাশিয়ার হুমকির গুরুত্বও কিছুটা খাটো করে দেখিয়েছেন রুটে। তাঁর ভাষ্য, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে গেলে ‘পুতিন যে কখনোই জিততে পারবেন না, এটা তিনি জানেন।’

বাল্টিক সাগরের তীরে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝামাঝি অবস্থান কালিনিনগ্রাদ অঞ্চলের। দেশ দুটি ন্যাটোর সদস্য। রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে বাল্টিক নৌবহরের ঘাঁটি রয়েছে। এ ছাড়া সেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি সামনে এলো। যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি তা আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের আকাশসীমায় কথিত অনুপ্রবেশের ঘটনার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। অন্যদিকে ডেনমার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহ আগে বাল্টিক সাগরের ওপর দেশটির একটি সামরিক হেলিকপ্টারের কাছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে দুটি ফ্লেয়ার ছোড়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights