পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গায় একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে চরপাড়াঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন করবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলার সময় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
জব্দ করা আলামত ও আটক চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান সুমন আল মুকিত।
