পরীক্ষার খাতায় ‘বউ’ চাইলেন কলেজছাত্র
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে ‘বউ’ চেয়েছেন সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আলী (১৮)। এ ছাড়া তার বিরুদ্ধে পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করার অভিযোগও উঠেছে।
কলেজ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ইসলামের ইতিহাস পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে কয়েক দিন আগে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট শিক্ষক মো. জাহিদুল ইসলামের। পরে তিনি কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান। পরীক্ষার খাতায় ফয়সাল লেখেন, ‘মানুষ কি চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়, এ শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই তাদের একটা করে হলেও বউ দেওয়া উচিত, নইলে আর তাদের বাঁচানো যাচ্ছে না।’
এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আলী বলেন, বিষয়টি আমি মজা করে লিখেছিলাম। এ ধরনের লেখার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, ঘটনাটি দুঃখজনক। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
