পাঠ্যবই ছাপায় রহস্যময় ধীরগতি

শামীম আহমেদ

আগামী শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যবই ছাপানো নিয়ে হঠাৎ রহস্যজনক ধীরগতি দেখা দিয়েছে। নভেম্বরের শুরুতে দৈনিক প্রায় ৭৩ লাখ বই ছাপা ও সরবরাহপূর্ব যাচাই (পিডিআই) হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে তা দৈনিক ২২ লাখের নিচে নেমেছে। এমনকি গত ৯ দিনে প্রাথমিকের একটি বইও ছাপা হয়নি। সংশ্লিষ্টদের আশঙ্কা, নজরদারি এড়িয়ে শেষ মুহূর্তে তাড়াহুড়ার সুযোগে নিম্নমানের কাগজ-কালিতে ছাপা বই গছিয়ে দিতেই কিছু প্রেস মালিক ইচ্ছাকৃতভাবে এ ধীরগতি তৈরি করেছেন। এতে ২৪ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার সরকারি পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত এবার ১১৬ ছাপাখানাকে ৩০ কোটি ৩০ লাখ ১০ হাজার বই মুদ্রণের কার্যাদেশ দেওয়া হয়েছে। আগস্টে কাজ শুরু হলেও নানা অজুহাতে প্রথম দিকে গতি ছিল ধীর। নভেম্বরের শুরুতে মুদ্রণের গতি দেখে ধারণা করা হয়েছিল, ২০ নভেম্বরের মধ্যে বেশির ভাগ কাজ শেষ হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বই ছাপার গতি রহস্যজনক হারে কমে গেছে। ১০ নভেম্বর এক দিনে ইবতেদায়ির ৩৬ লাখ ৩৫ হাজার ১৩৫ এবং মাধ্যমিকের ৩৬ লাখ ৪৪ হাজার ৭২৩ কপি বইয়ের পিডিআই সম্পন্ন হয়। কিন্তু ১১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৯ দিনে ইবতেদায়ির মাত্র ৯ লাখ ৭০ হাজার ২০২ এবং মাধ্যমিকের ১ কোটি ৬৩ লাখ ২ হাজার ৫০৬ কপি বইয়ের কাজ হয়েছে। গড়ে দৈনিক সম্পন্ন হয়েছে ২২ লাখের কম।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বই ২১ অক্টোবরের মধ্যে সরবরাহের কথা থাকলেও শতভাগ শেষ হতে প্রায় ২০ দিন বেশি লাগে। প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই ৫ নভেম্বরের মধ্যে সরবরাহের নির্দেশ দিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং চুক্তির শেষ তারিখ ছিল ৯ নভেম্বর। কিন্তু ১০ নভেম্বর ৯৭ দশমিক ২৮ শতাংশ সরবরাহের পর গত ৯ দিনে প্রাথমিকের একটি বইও ছাপা হয়নি। এখনো বাকি রয়েছে ২০ লাখ ৬৯ হাজার ৮৩৭ কপি। এ ছাড়া ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপির মধ্যে ১৯ নভেম্বর পর্যন্ত বাকি ছিল ৩১ লাখ ৮৯ হাজার কপি। ইবতেদায়ির বেশির ভাগ বই সরবরাহের শেষ তারিখ ছিল ৮ নভেম্বর। ২৯ লাখের মতো বই সরবরাহের শেষ তারিখ ছিল ১৬ নভেম্বর। মাধ্যমিকের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপির মধ্যে প্রায় ২০ শতাংশ বা ৩ কোটি ৫৭ লাখ ১১ হাজার বই বাকি রয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ বই সরবরাহের সর্বশেষ তারিখ। এর বাইরে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চারটি বইয়ের দেড় কোটি কপি ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপানোর কথা।

সংশ্লিষ্টদের আশঙ্কা, শেষ মুহূর্তে সরবরাহের চাপ তৈরি হলে বইয়ের মান যাচাই যথাযথভাবে করা কঠিন হয়ে পড়বে। কয়েকটি ছোট ছাপাখানার মালিকের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান ভালো ও নিম্নমানের দুই ধরনের কাগজ এবং কালি কিনেছে। সরকারের বিভিন্ন সংস্থার নজরদারি বাড়ায় বর্তমানে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে পারছে না। এজন্য ছাপা কমিয়ে দিয়েছে। শেষ মুহূর্তের চাপে মান যাচাই শিথিল হলে সেগুলো গছিয়ে দেওয়া হবে। তখন ত্রুটি ধরলেও পুনর্মুদ্রণের সময় থাকবে না।

বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, ‘বর্তমান গতিতে ২৪ ডিসেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছানো নিয়ে সন্দেহ রয়েছে।’ প্রভাবশালী কিছু বড় প্রতিষ্ঠানের ছাপার মান নিয়ে প্রশ্ন তুলে তিনি উপজেলায় যাওয়া বইগুলো দ্রুত যাচাইয়ের দাবি জানান।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ১৬ নভেম্বর জানিয়েছেন, ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, ‘প্রেসগুলোর ৩ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। আশা করি নির্ধারিত সময়ের আগেই সব বই প্রস্তুত হয়ে যাবে। মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। মান নিয়ে অনিয়ম করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights