পাশের বাসিন্দার ৯৯৯-এ কল পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস
কক্সবাজার প্রতিনিধি
আগুন লেগে যখন রিসোর্ট লেলিহান শিখায় জ্বলে যাচ্ছিল তখন লাপাত্তা হয়ে যায় টুপটুপ রিসোর্টের কর্মচারীরা। এসময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন ওই রিসোর্টের পাশের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, সকাল ৭টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তিনি। উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে আগুনে রিসোর্টটির বড় অংশ পুড়ে যায়। আগুনে পর আহতদের উদ্ধার করে অটোরিকশায় তুলে দিই।
আব্দুল্লাহ ধারণা করেন, রিসোর্টের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করেন। রান্নাঘর ও অভ্যর্থনা কক্ষ পাশাপাশি। এর পাশেই ছিল ওপরের তলায় ওঠার সিঁড়ি। আগুন ছড়িয়ে পড়ায় ওপরের কক্ষে থাকা লোকজন ওই দিক দিয়ে বের হতে পারেননি।
তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার পর একজনকে জানালার কাচ ভেঙে লাফ দিয়ে বের হতে দেখেছি। বেলকনি দিয়ে বের হওয়ার সুযোগ না থাকলে রিসোর্টের ভেতরে থাকা মানুষদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দশজন নিহত হয়েছেন।
