পুলিশ দেখে নদীতে ঝাঁপ, তবুও রক্ষা হয়নি শ্রমিক লীগ নেতার

পাবনার চাটমোহর গুমাণী নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না চাটমোহর থানায় দায়েরকৃত হান্ডিয়াল বিস্ফোরক মামলার অন্যতম আসামি শ্রমিক লীগ নেতা নায়েব আলীর। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করে চাটমোহর থানা ও হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নায়েব আলী নিমাইচড়া ইউনিয়নের নজের আলীর ছেলে ও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শ্রমিক লীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানায়, গ্রেফতার এড়াতে নায়েব আলী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাহের আলী জানান, নায়েব আলীকে নদীর মাঝখান থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights