প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা নেই, সহযোগিতা চায় ইরান
অনলাইন ডেস্ক
উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বরং এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার পক্ষে তেহরান বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
তবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন কিংবা দেশটির জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করা হলে তেহরান নীরব থাকবে না বলেও সতর্ক করেছেন বাঘাই।
তিনি বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। আমরা স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা ও সমন্বয়কে সমর্থন করি। তবে কোনো আঞ্চলিক দেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন বা জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হলে ইরান নীরব থাকতে পারে না।’
বাঘাই আরও বলেন, উপসাগরীয় কয়েকটি প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর অতিরিক্ত নির্ভরশীল ও আস্থাশীল হয়ে পড়েছে। কোনো কোনো দেশ এ ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতাও করছে।
তাঁর ভাষায়, ‘পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া। ইরানের যৌক্তিক প্রত্যাশা হলো, আঞ্চলিক দেশগুলো তাদের ভূখণ্ড বা স্থাপনাকে কোনো বড় প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেবে না।’
সূত্র: আল জাজিরা
