প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: পরিবেশ প্রতিমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রত্যেক ধর্মই আমাদের সঠিক পথে চলার শিক্ষা দেয়। ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে। তাই সকল ধর্মের মানুষের ধর্ম পালনে সবাইকে উদারতা প্রদর্শন করতে হবে। আমাদের সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছে। বিএনপি সরকার সেই সাংবিধানিক অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না।
মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড়, দিঘির পাড়, চকগোনাসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে গিয়ে আগত পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছুই নেই। সবার সমান অধিকার রয়েছে।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
