ফুটবল বিশ্বে আরেক বড় খবর সামনে

অনলাইন ডেস্ক

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে আরেক বড় খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক লেনদেন খতিয়ে দেখতে শুরু করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই প্রতারণা ও অর্থপাচারের সন্দেহে মার্কিন কর্তৃপক্ষ এই তদন্ত শুরু করেছে।

আর্জেন্টাইন সংবাদপত্র লা নাসিওনের বরাত দিয়ে ইন্ডিয়া এক্সপ্রেস ও স্পোর্টস মেক্সিকোর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যম লা নাসিওন এবং ফক্স স্পোর্টস মেক্সিকোর বরাতে জানা গেছে, এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল ফেডারেশন এখন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ এবং এফবিআইয়ের কঠোর নজরদারিতে রয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে শত শত মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে কিনা এবং এর পেছনে কোনো অর্থপাচার বা ব্যাংক জালিয়াতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।

মার্কিন তদন্তকারীদের মূল লক্ষ্য, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থা যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে, তা খতিয়ে দেখা।

তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে টানা তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআই এজেন্টরা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তবে তদন্তকারীদের মূল লক্ষ্য এএফএর প্রধান ক্লদিও তাপিয়া।

যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ এ তদন্তের পরিধি আরও বাড়াচ্ছে। তদন্তকারীরা আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখার কথা ভাবছেন। সাম্প্রতিক বছরগুলোতে এএফএর কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেছিলেন কিংবা সংস্থাটির সংবেদনশীল তথ্য যাদের কাছে রয়েছে, তাদের কাছ থেকেই জবানবন্দি নেওয়া হতে পারে। জানা গেছে, ২০২৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রের এই প্রাথমিক তদন্তের রূপরেখা তৈরি হচ্ছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights