ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল বিশাল অজগর
কুড়িগ্রাম প্রতিনিধি: ১৮.১০.২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় ধরলা নদীর কাছের একটি বিলে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে সাপটি ধরা পড়ে। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়তেই সেটিকে একনজর দেখতে জেলেসহ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ভিড় জমে। সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ থেকে ১৪ ফুট বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীর কাছের ওই বিলে নিয়মিত চায়না দুয়ারী রিং জাল পেতে মাছ ধরেন। রোববার দুপুরে জাল তুলতে গিয়ে সেটির ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি। পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন। এরপর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সাপটিকে দেখতে সেখানে শত শত নারী পুরুষের ভিড় জমে। উৎসুক অনেকে সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সাপটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও বাবুল শেখ বলেন, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ থেকে ১৪ ফুট হবে। তাঁদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে। কারণ, যে স্থানে সাপটি জালে আটকা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
