বংশালে ঈদের ছুটির পর দোকান খুলে সুইচ দিতেই আগুন, দগ্ধ ৩ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের একটি হার্ডওয়্যার দোকান এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।

দোকানটির ম্যানেজার রাফিন জানান, ঈদের ছুটির পর আজ বেলা পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের একটি হার্ডওয়্যার দোকান খুলে তিন কর্মচারী ভেতরে প্রবেশ করেন। এ সময় তাদের একজন বৈদ্যুতিক সুইচ অন করতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। আগুনে তিন কর্মচারী দগ্ধ হলে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন দোকান বন্ধ থাকায় ভেতরে কোনোভাবে গ্যাস জমেছিল। পরে বৈদ্যুতিক সুইচ অন করার সময় স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights