বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

নিজস্ব প্রতিবেদক

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯-এ পৌঁছেছে। বর্তমানে ৫৬ উপজেলা, ৩৭৪ ইউনিয়ন ও ৪ পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২৯৮ জন আশ্রয় নিয়েছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এতে বলা হয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত রাঙামাটিতে ৩, বান্দরবানে ৭, কক্সবাজারে ৩২ (স্থানীয় ১৯, রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৬ ও মৌলভীবাজারে ১ জন মারা গেছে। এ ছাড়া আহত হয়েছে ৪০ জন। এর মধ্যে খাগড়াছড়িতে ১, বান্দরবানে ২, কক্সবাজারে ২৫ (স্থানীয় ২০, রোহিঙ্গা ৫) ও চট্টগ্রামে ১২ জন। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নগদ অর্থ, চাল, শুকনো খাবার, শিশুখাদ্য, গোখাদ্য, ঢেউটিন, গৃহনির্মাণ অনুদানসহ ব্যাপক ত্রাণসহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণও করা হয়েছে।

কক্সবাজারে সর্বোচ্চ ৪০ লাখ নগদ টাকা, ৪৫০ টন চাল, ১ হাজার বান্ডিল টিন, শিশুখাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ লাখ নগদ টাকা, ১ হাজার ২০০ টন চাল, ১ হাজার বান্ডিল টিন, শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্য। বান্দরবানে ২০ লাখ নগদ টাকা, ৪০০ টন চাল, শিশুখাদ্য ও গোখাদ্য এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জেও নগদ অর্থ, চাল, শুকনো খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদান বরাদ্দ ও বিতরণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights