বরিশালের গৌরনদীর সাবেক পৌর মেয়র পাঁচ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিচুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিএনপি নেতার উপর হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার বরিশালের বিচারিক হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে হারিচুর রহমানকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মককর্তা গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বরিশালের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, গৌরনদী থানার বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টার একটি মামলার আসামি হারিচুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
বেঞ্চ সহকারী জানান, বিচারিক হাকিম আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে রিমান্ডে নেওয়ার পূর্বে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুস্থতার সনদ নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। একইভাবে রিমান্ড শেষে চিকিৎসকের সনদ নিয়ে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক আসামির জামিনের আবেদন না মঞ্জুর করেছেন।
গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান হারিচুর রহমান হারিচ। তার বিরুদ্ধে গৌরনদী থানায় চারটি মামলা হয়েছে। এছাড়াও গত উপজেলা নির্বাচনে নিজ দলীয় কর্মীদের সাথে সংঘাতের ঘটনায় থানায় করা মামলার আসামি তিনি।
এর মধ্যে গৌরনদী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর মামলার আসা, হিসেবে রিমান্ড দেওয়া হয়েছে। অপর মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
বিএনপি নেতা মিন্টু গত ৫ সেপ্টেম্বর গৌরনদী থানায় ওই মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৭ নভেম্বর বিএনপি নেতার কাছে তিন লাখ টাকা চাঁদ দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাকে বেধরকভাবে মারধর করা হয়। মামলায় নামধারী ২৪ জন ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবরে হারিচুর রহমানের ফাঁসির দাবিতে ঝাড়ু নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। নির্যাতিত জনতার ব্যানারে বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করা হয়। এ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়াসহ অন্যরা।
