বর্জ্য এখন কোনো সংকট নয়, বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে: কেসিসি প্রশাসক

বাসস

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্জ্য এখন কোনো সংকট নয়, এটি এখন বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে।

আগামী ডিসেম্বরে জেলার ডুমুরিয়ার শলুয়ায় নির্মিত বর্জ্য রিসাইকিং প্লান্টটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিক উম্মোচিত হবে। কিন্তু এটি পরিচালনার দায়িত্ব প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কিনা তাও ভেবে দেখতে হবে। না পারলে এটা কিভাবে পরিচালনা করা সম্ভব এজন্য কর্মকর্তা পর্যায়ে আরও সভা আহ্বানের নির্দেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘খুলনা সিটি কর্পোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার পেশাদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ‘বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় কেসিসি ও এসএনভি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

গত ১৮ জুলাই কেসিসি ও এসএনভি’র মধ্যে অনুষ্ঠিত কৌশলগত সভার সিদ্ধান্তের আলোকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

মাঠ পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা কাজে কয়েকটি ওয়ার্ড নিয়ে পাইলট কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কেসিসি প্রশাসক আরও বলেন, পাইলট প্রকল্প সফল হলেই ৩১টি ওয়ার্ডে আমাদের কি ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন তার সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে।

একমুখী কাজ থেকে বের হয়ে সম্মিলিতভাবে ও সমন্বয়ের মাধ্যমে বহুমুখী কাজ করতে পারলে সফল হওয়া সম্ভব হবে বলে কর্মশালায় প্রশাসক উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সী বিভাগরে কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন এসএনভি’র কাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস।

উল্লেখ্য,‘বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পটি খুলনাসহ ৪টি সিটি কর্পোরেশন ও ৮টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট নগর পরিসেবার নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব উন্নয়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করাই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights