বর্ষার আগেই নদী ভাঙন রোধের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘বর্ষার আগেই সিরাজগঞ্জের এনায়েতপুরে নদী ভাঙন রোধ কাজ শেষ করা হবে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আগামীকাল থেকে ম্যাথমেটিক্স সার্ভে শুরু করে ভাঙন রোধে কাজ শুরু করবে। জিওব্যাগ ও সিসি ব্লক দিয়ে তীর সংরক্ষণ করা হবে।’
আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা এনায়েতপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদীর যে স্থানগুলোতে ড্রেজিং করা হয়েছে সেখানে পানি প্রবাহিত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় চরপড়ায় ভাঙন কমেছে। চরের শেষ মাথায় ভাঙন দেখা দিয়েছে। এ জন্য সেখানে আরো ৫০০ মিটার বেশি কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘এনায়েতপুরে ভাঙন রোধে প্রায় ৬৩৫ কোটি ব্যয়ে হাসপাতালসহ বিভিন্ন স্থাপন রক্ষায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ চলমান রয়েছে। বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ হবে।’
পরিদর্শনকালে সংসদ সদস্য চয়ন ইসলাম, আব্দুল মমিন মন্ডল, পানি উন্নয়নে বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা, প্রধান প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম ও সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
