বশেমুরকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:

ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বুধবার। মাতৃভাষা দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া।

দিবসের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালী শেষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, আবাসিক হলসমূহ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া বলেন, বাঙ্গালী বীরের জাতি, কখনো পরাধীনতা মেনে নেয়নি। অধিকার আদায়ের সংগ্রামে কোনো অপশক্তির কাছে আপোষ করেনি। তিনি আরো বলেন, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামই আমাদের মহান স্বাধীনতার মূল প্রেরণা শক্তি।
শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান প্রমুখ। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ দিবসের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রেজিস্ট্রার, প্রক্টর, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights