বসুন্ধরা সিটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী করতে আগ্রহী বিসিবি

অনলাইন প্রতিবেদক

গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রতি আফগানিস্তান ভ্রমণ শেষ করেছে। এর পরবর্তী গন্তব্য বাংলাদেশ। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে ট্রফিটি। থাকবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশে ট্রফিটি সর্বসাধারণের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

সেই লক্ষ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আইসিসি ট্রফির প্রদশর্নী করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর আবেদন জানিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সই করা ওই আবেদনে বলা হয়েছে, আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ২০২৫’ ট্রফিটি টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দেশগুলোতে প্রদর্শনের অংশ হিসেবে আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর বাংলাদেশে থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনে আগ্রহী।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আগামী ১২ ডিসেম্বর রাত ৮টায় চ্যাম্পিয়ন্স ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ডিপি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় পাকিস্তানের ইসলামাবাদ থেকে শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দেশে ভ্রমণ করতে শুরু করেছে ট্রফিটি। ক্রিকেট ভক্তরা ট্রফিটি কাছ থেকে দেখার পাশাপাশি ছবি তোলারও সুযোগ পাবেন।

সফরের অংশ হিসেবে ট্রফিটি আফগানিস্তানের ঘুরে এসেছে। যাকে আফগানিস্তানের ক্রিকেট ভক্তরা স্বাগত জানিয়েছেন। আফগানিস্তান থেকে ট্রফিটি বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড হয়ে জানুয়ারিতে ভারতে যাবে।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ তবে, ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্টটি শেষ পর্যন্ত কোথায় মাঠে গড়ায় সেটিই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights