বহুতল ভবনের পাইপে আটকে পড়া মাদ্রাসাছাত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের খৈয়াসার এলাকায় সালমা-সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার সাততলা ভবন থেকে পালাতে গিয়ে ছয়তলার পাইপে আটকে থাকা মো. জহিরুল ইসলাম (১০) নামে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসাইন জহিরুলকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত জহিরুল ইসলাম সরাইল উপজেলার আবদুল করিমের ছেলে। সে সালমা-সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার নাজেরা শাখার ছাত্র।
ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আলমগীর হোসাইন জানান, লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই বহুতল বিশিষ্ট মাদরাসা ভবনে গিয়ে ছয়তলার পাইপে আটকে থাকে জহিরুল ইসলামকে উদ্ধার করি। দীর্ঘ ১ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সালমা-সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষক হাফেজ বায়েজিদ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি এই মাদরাসা থেকে পালাতে গিয়ে সবুজ নামে নাজেরা শাখার এক ছাত্র ছয়তলার পাইপে আটকে গিয়েছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা সবুজকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছিল।
