বাংলাদেশকে সমীহ করছেন গিল

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ধবলধোলাই করে এসেছে টাইগাররা। শান্ত-সাকিবদের এই পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে ক্রিকেটবিশ্বে।

কিন্তু এমন সাফল্যের পরও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দাবি করেছেন, ভারতের মাটিতে সুবিধা করতে পারবে না শান্তবাহিনী। যদিও উল্টো সুর শোনা গেল সৌরভেরই স্বদেশী শুভমান গিলের গলায়।

ভারতের এই তারকা ব্যাটার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে না। কারণ কিছুদিন আগেই তারা পাকিস্তানে সিরিজ জিতে এসেছে। জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, ‘আমার মতে, এখন কোনো দেশকে খাটো করে দেখার সুযোগ নেই। গত দুই মাসে, বিশেষ করে পাকিস্তানে যেমন খেলে এসেছে বাংলাদেশ, তা অসাধারণ।’
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সাফল্যের পেছনে বড় কারণ ছিল পেসারদের সাফল্য। তাসকিন-রানারা পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন। পাশাপাশি মিডল অর্ডারে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিরোধ তো ছিলই। এ ব্যাপারটি নজর এড়ায়নি গিলের।

তিনি বলেন, ‘ওদের (বাংলাদেশের) পেসার এবং মিডল অর্ডারের ব্যাটাররা যে ভাবে চাপ নিয়ে খেলেছে, তাকে কোনোভাবেই ছোট করা যাবে না। আমার মতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খুব আকর্ষণীয় হতে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights