বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। মোট ১২ হাজার ৬শ ৬৫ জন ভর্তিচ্ছুর বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১১ হাজার ৫শ ১১ জন এবং অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১শ ৫৪ জন। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলে ২৪৬টি কক্ষে মোট ১২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং বাকৃবি প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিগণ।

এবার নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৮শ ৬৩টি। এর মাঝে বাকৃবিতে আসন সংখ্যা ১ হাজার ১শ ১৬ টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪শ ৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭শ ৫টি, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২শ ৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫শ ৮০টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১শ ৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪শ ২৩টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।
এবারের কৃষিগুচ্ছের নেতৃত্বে থাকা বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতর সূত্রে আরও জানায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights