বান্দরবানে নৌকা বাইচের মধ্য দিয়ে ক্রীড়া মেলা শুরু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। ‘ক্রীড়ার ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এ ক্রীড়া মেলার আয়োজন করে।

শনিবার সকালে সাঙ্গু নদীতে বেলুন উড়িয়ে নৌকা বাইচের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।

এসময় বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এবং নৌকা বাইচ উপ-কমিটির আহ্বায়ক নিনি প্রু উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা সাঙ্গু নদীর উজানী পাড়া খেয়াঘাট থেকে শুরু হয়ে মধ্যম পাড়া পয়েন্টে এসে শেষ হয়। এ প্রতিযোগিতায় ৭টি মহিলা দলসহ মোট ১৮টি দল অংশ নেয়। এদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় কালাঘাটা দুর্গা মন্দির দল, দ্বিতীয় হয় কালাঘাটা হরি মন্দির দল এবং তৃতীয় স্থান অধিকার করে মারমা বাজার দল। অন্যদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় মারমা বাজার দল, সম্প্রীতির বান্দরবান দল দ্বিতীয় স্থান ও নারী উন্নয়ন দল তৃতীয় স্থান অধিকার করে।

সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় নৌকাবাইচ ছাড়াও ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি, ফুটবল, ঐতিহ্যবাহী বলি খেলা, মহিলাদের অ্যাথলেটিক্স ও তৈলাক্ত বাঁশ প্রতিযোগিতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights