বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছরের শিশু আরাফাত হোসেন হত্যায় মো. রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দরের লাউসার এলাকার মো. ইসলামের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে আসামী অনুপস্থিতি ছিলো। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেন হত্যার ঘটনায় মো. রিপন গ্রেপ্তার করা হয়েছিলো। সে আদালতে দেয়া জবানবন্দিতে বলেছিলো, ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের কলেজপড়ুয়া বড় ভাই সাক্ষী দিয়েছিল। সেই সাথে তার বাবা প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় বাধা দেন। এর জের ধরে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাতকে। সেই সাথে তার লাশ পুকুরে ফেলে রাখে। আদালত সেই মামলার বিচার কার্যক্রম শেষে মো. রিপনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
