বাব এল-মানদেবে আতঙ্ক: এক ধাক্কায় কমলো জাহাজ চলাচল
অনলাইন ডেস্ক
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব এল-মানদেব প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক নৌচলাচল থমকে গেছে। গত শুক্রবার যেখানে ২৮টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছিল। গতকাল রবিবার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১৮টিতে।
এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত এবং লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি। যে কারণে প্রাণের ঝুঁকি নিয়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে চাইছেন না অনেক নাবিক।
কেপলারের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় এই জলপথের নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যার প্রভাব পড়েছে জাহাজ চলাচলে। গত শনিবারও ২৭টি জাহাজ চলাচল করেছিল। তবে রবিবারের হামলার পর আতঙ্ক আরও বেড়ে গেছে।
সপ্তাহের শুরুতে চরম ঝুঁকি সত্ত্বেও দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার সফলভাবে প্রণালিটি পার হয়েছিল। তবে বিশ্লেষকদের সতর্কতা, বর্তমান সংঘাত অব্যাহত থাকলে তেলবাহী ট্যাঙ্কারসহ বাণিজ্যিক জাহাজ চলাচল আরও কমে যেতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল সাময়িকভাবে স্থবিরও হয়ে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাতের জেরে ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েল ও সৌদি আরব-সম্পৃক্ত বা তাদের সমর্থিত জাহাজকে লক্ষ্যবস্তু করায় পুরো এলাকায় চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সূত্র: মেহের নিউজ
