বায়ুদূষণে আজ বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা
অনলাইন ডেস্ক
বায়ুদূষণের তালিকায় রোববার সকালে বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল সাড়ে ১০টায় শহরটির বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্সের) ছিল ১৭৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।
একিউআই সূচক অনুযায়ী, বাতাসে দূষণকারী উপাদানের ঘনত্ব এমন পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তালিকায় ২০৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং। আর ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই।
একিউআই সূচকে ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০-কে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-কে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়, যা স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
একিউআই হলো দৈনিক বায়ুর মান পর্যবেক্ষণের একটি সূচক। এর মাধ্যমে বাতাসে দূষণের মাত্রা এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচটি প্রধান দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণের মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ।
