বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠিত এই যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়—

৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দ ও কর্মীরা মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিন বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি অনুষ্ঠিত হবে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ র‌্যালি হবে।

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচি—

শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা।

ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা (৭-৮ নভেম্বর টিএসসি প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী)।

ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।

তাঁতী দল: ১০ নভেম্বর আলোচনা সভা।

কৃষক দল: ১১ নভেম্বর আলোচনা সভা।

জাসাস: ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিভিন্ন প্রামাণ্যচিত্র (ভিডিও ও স্থিরচিত্র) অনলাইন প্ল্যাটফর্মে—ফেসবুক, ইউটিউব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হবে।

দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights