বিয়ের পর চেয়েছিলেন ‘মাহিন্দ্রা থার’ গাড়ি, না পেয়ে স্ত্রীকে বেধড়ক মারধর
অনলাইন ডেস্ক
ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় বিয়ের পর স্ত্রীকে ‘মাহিন্দ্রা থার’ গাড়ি ও মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি ঘিরে রিতিশ শর্মা নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভুক্তভোগী নারী পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২১ অক্টোবর রাতে বাড়ির বাইরে স্ত্রী টুইঙ্কলকে চড় মারেন তাঁর স্বামী রিতিশ শর্মা। এ সময় তাঁকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে।
রাস্তায় ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন এবং তাঁকে উদ্ধার করেন। পরে টুইঙ্কল পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। প্রমাণ হিসেবে জমা দেন সিসিটিভি ফুটেজ।
টুইঙ্কলের ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য খাতে কর্মরত রিতিশ শর্মার সঙ্গে গত বছরের নভেম্বরে তাঁর বিয়ে হয়। টুইঙ্কল আগে একটি সেলুন চালাতেন। রিতিশের এটি প্রথম বিয়ে হলেও টুইঙ্কলের দ্বিতীয় বিয়ে ছিল। প্রায় দুই বছর আগে টুইঙ্কলের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালে তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় বন্ধুত্ব ও ভালোবাসায় রূপ নেয়।
তবে বিয়ের প্রায় তিন মাস পর থেকেই রিতিশ তাঁর কাছে একটি ‘মাহিন্দ্রা থার’ গাড়ি দাবি করতে শুরু করেন বলে অভিযোগ টুইঙ্কলের। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর সহায়তাও নিতে হয়।
টুইঙ্কলের অভিযোগ, পরে রিতিশ একটি মোটরসাইকেলও দাবি করেন। ঘটনার দিন মোটরসাইকেল নিয়ে বিরোধ তীব্র হলে তিনি আত্মরক্ষার জন্য এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু রিতিশ সেখানে গিয়েও তাঁকে মারধর করেন বলে অভিযোগ। পরে তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে গিয়েও নির্যাতন করা হয়। তথ্যসূত্র: এনডিটিভি।
