বিশ্বকাপের আগে পর্তুগালের চিন্তা বাড়ালেন রোনালদো?
অনলাইন ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে শেষ প্রস্তুতি ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও স্বস্তিতে নেই পর্তুগাল শিবির। নাইজেরিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় এলেও ফুটবল মহলের সব আলো কেড়ে নিয়েছেন দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই আলোচনা আনন্দের নয় বরং আশঙ্কার। ম্যাচে একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করে দলের কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছেন ৪১ বছর বয়সি এই পর্তুগিজ সুপারস্টার।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ১৪৩টি গোল করে সর্বোচ্চ স্কোরারের সিংহাসনটি রোনালদোর দখলেই রয়েছে। অথচ নাইজেরিয়ার বিরুদ্ধে সেই চেনা ধারালো ফিনিশিংয়ের দেখা মেলেনি। শুধু গোল মিসই নয়, মাঠে তার বল কন্ট্রোল এবং ফার্স্ট টাচও সমর্থকদের হতাশ করেছে। অথচ সদ্য সমাপ্ত মৌসুমেও সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে ৩০ ম্যাচে ২৮টি গোল করেছেন সিআর সেভেন। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে পর্তুগালের জার্সিতে তাঁকে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না। অফ-ফর্মের কারণে ম্যাচের ৬৫ মিনিটে কোচ রবার্তো মার্টিনেজ তাঁকে মাঠ থেকে তুলেও নেন।
ম্যাচের গতিপ্রকৃতির দিকে তাকালে দেখা যায়, ২৩ মিনিটে পেদ্রো নেতোর গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নাইজেরিয়ার হয়ে আকর অ্যাডামস সমতা ফেরান। শেষ পর্যন্ত অবশ্য পর্তুগিজ সমর্থকদের মুখে হাসি ফোটান বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও, যার ৭৫ মিনিটের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় পর্তুগালের।
এবারের বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ হতে চলেছে, যা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির। তবে মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আগামী ১৭ জুন কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান এবং কলম্বিয়া। নক-আউটের টিকিট কাটতে হলে পর্তুগালের আক্রমণভাগকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সিআর সেভেনকেই।
