বিশ্বকাপে জায়গা পেয়ে ইতিহাস: খেলোয়াড় ও কোচরা পেলেন বিলাসবহুল গাড়ি
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো আসন্ন ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে উজবেকিস্তান। ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর এবারই প্রথম বিশ্বকাপে পা রেখেছে দেশটি। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ৪০ জন খেলোয়াড়, কোচ এবং টিম স্টাফকে বিলাসবহুল চীনা গাড়ি ব্র্যান্ড BYD-এর গাড়ি উপহার দিয়েছে উজবেকিস্তান সরকার।
গত ৫ জুন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আবুধাবিতে গোলশূন্য ড্র করেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে তিমুর কাপাদজের দল। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে এটাই ছিল তাদের শেষ ম্যাচ। ওই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’-তে ইরানের পেছনে থেকে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে উজবেকিস্তান। এর আগে তারা কাতারকে ৩-০ গোলে হারিয়েছিল।
বিশ্বকাপে উঠতে বড় অবদান রেখেছেন গোলরক্ষক উতিকির ইউসুপভ। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি নিশ্চিত করেন দেশের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ যাত্রা।
এই ঐতিহাসিক অর্জনের পর তাসখন্দে ফেরার পথে পুরো দলকে সংবর্ধনা দেওয়া হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, ভাষ্যকার এমনকি দলের ফটোগ্রাফারকেও সম্মানসূচক পদক ও উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘এই জয় শুধু ফুটবল মাঠেই নয়, গোটা জাতিকে অনুপ্রাণিত করবে। আমাদের তরুণদের জন্য এটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।’
কোচ কাপাদজে এই সাফল্য উৎসর্গ করেছেন দেশের জনগণকে। এএফসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রা কেবল আমাদের নয়, ছিল পুরো উজবেক জনগণের। তাদের প্রার্থনা, সমর্থন ও আশা আমাদের সাহস জুগিয়েছে। খেলোয়াড়রা প্রতিটি ম্যাচে নিজেদের উজাড় করে দিয়েছে।’
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে তিমুর কাপাদজে দায়িত্ব নেন স্রেকো কাতানেচের কাছ থেকে।
অন্যদিকে, গোলশূন্য ড্রয়ে হতাশ সংযুক্ত আরব আমিরাতের কোচ কসমিন ওলারইউ বলেন, ‘আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। এখন সামনে প্লে-অফের পথ রয়েছে।’
এশিয়া থেকে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ছয়টি দেশ—জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান এবং সর্বশেষ উজবেকিস্তান। অপরদিকে, কাতার ও আমিরাতকে লড়তে হবে পঞ্চম রাউন্ডের প্লে-অফে।
সেন্ট্রাল এশিয়া থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া প্রথম দল হিসেবে উজবেকিস্তান এবার শুধু অংশগ্রহণ নয়, নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।
