বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ হুমকি দেওয়া হয়েছিল। শুধু মেসি নন, হুমকির তালিকায় ছিলেন আর্জেন্টিনা দলের অন্য সদস্য, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেসহ বিভিন্ন দলের খেলোয়াড়, ফিফা কর্মকর্তা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও।

একটি ফাঁস হওয়া পুলিশ ডসিয়ের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে মেসিসহ বিশ্বের কয়েকজন শীর্ষ ফুটবলার, রেফারি ও কর্মকর্তাকে লক্ষ্য করে একাধিক প্রাণনাশের হুমকি, বোমা হামলার সতর্কতা, হয়রানি ও অনলাইন হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছিল।

সবচেয়ে ভয়াবহ হুমকিগুলোর একটি ছিল মেসিকে লক্ষ্য করে। পুলিশ নথিতে উঠে এসেছে, এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আটলান্টার স্টেডিয়ামে ঢুকে মেসিকে হত্যার হুমকি দিয়েছিলেন। ওই ব্যক্তি দাবি করেন, তাঁর শরীরে চারটি বোমা বাঁধা থাকবে এবং সেগুলো দিয়ে মেসিকে উড়িয়ে দেওয়া হবে।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচকে ঘিরে। একই সময় স্টেডিয়ামে বোমা রাখার দাবিও করা হয়। একজন ব্যক্তি পুলিশকে ফোন করে স্টেডিয়ামের বিভিন্ন ডাস্টবিনে তিনটি বোমা রাখা হয়েছে বলে দাবি করেন। এরপর বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুর ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামজুড়ে তল্লাশি চালান।

তবে মেসিই একমাত্র তারকা ছিলেন না, যিনি এমন হুমকির মুখে পড়েছিলেন। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রাখা হয়েছিল। পুলিশ নথিতে তাঁর হোটেলসংক্রান্ত সন্দেহজনক তৎপরতার কথাও উঠে এসেছে। এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন।

এদিকে ম্যাচ পরিচালনা নিয়েও রেফারিদের ওপর ব্যাপক হুমকি আসে। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) উইলি দেলাজোকেও মৃত্যুর হুমকিসহ নানা ধরনের বার্তা পাঠানো হয়।

ফাঁস হওয়া নথিতে আরও উঠে এসেছে, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও প্রাণনাশের হুমকি ছড়িয়েছিল। ফলে বড় তারকাদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিতে হয়।

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে ঘিরে এমন নিরাপত্তা হুমকি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মেসিকে লক্ষ্য করে কথিত বোমা হামলার হুমকির বিষয়টি সেই উদ্বেগকে আরও তীব্র করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights