বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা
অনলাইন ডেস্ক
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার ভোরের হামলায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাটি থেকে।
এএফপির টিভি ফুটেজে দেখা যায়, হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়া উড়ছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ভোরে দক্ষিণ উপশহরের তাহৌইতেত আল-কাদির এলাকায় হামলা চালিয়েছে শত্রুবিমান। ঘনবসতিপূর্ণ এ এলাকা সংঘাত শুরুর পর থেকে অনেকটাই জনশূন্য হয়ে গেছে। হতাহতের কোনো তথ্য জানা যায়নি তাৎক্ষণিকভাবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে লেবাননে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৬ জনে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। শুধু প্রাণহানিই নয়, যুদ্ধের এই তীব্রতায় আহতের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। লেবাননের বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ২২৯ জন। প্রতিনিয়ত সংঘর্ষের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। নিরাপত্তাহীনতা ও লাগাতার হামলার মুখে দেশজুড়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বিপুলসংখ্যক মানুষ। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্পে, আবার কেউ কেউ পার্শ্ববর্তী এলাকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। মানবিক সংকট ক্রমেই তীব্র হয়ে উঠছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। পরবর্তীতে লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে লেবাননের বিভিন্ন এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। সূত্র: বিবিসি, এএফপি, আল-আরাবিয়া
