পিএসএলে সাদা বল হয়ে গেল গোলাপি!
স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সুপার লিগের নতুন আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল অদ্ভুত এক ঘটনা—খেলা শুরু হয়েছিল সাদা বলে, কিন্তু সময় গড়াতেই সেই বলের রঙ হয়ে যায় গোলাপি, এমনকি লালচে। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও বিতর্ক।
লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের ম্যাচে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বলের রঙে বড় পরিবর্তন চোখে পড়ে। টিভি সম্প্রচারের পাশাপাশি মাঠেও তা স্পষ্ট ছিল। বিষয়টি আম্পায়ারের নজরেও আনেন মার্নাস লাবুশেন।
ম্যাচ শেষে হায়দরাবাদ অধিনায়ক জানান, এমন ঘটনা আগে দেখেননি তিনি। দ্বিতীয় ওভার শেষ হওয়ার পরই বলের রঙ বদলানো শুরু হয়েছে। তার ধারণা, জার্সির রঙ থেকেই এই পরিবর্তন ঘটেছে।
মূলত হায়দরাবাদ দলের মেরুন রঙের পোশাকই এই সমস্যার কারণ বলে মনে করা হচ্ছে। ক্রিকেটাররা বল চকচকে করতে জার্সিতে ঘষে থাকেন, আর সেখান থেকেই ধীরে ধীরে রঙ লেগে বলের রঙ পরিবর্তিত হয়েছে।
যদিও হারিস রউফ ভিন্ন মত দিয়েছেন। তার মতে, বল কয়েকবার গ্যালারিতে যাওয়ায় সেখানকার আসনের রঙ থেকেও এমন হতে পারে। তবে গাদ্দাফি স্টেডিয়ামের আসন সবুজ-সাদা হওয়ায় সেই সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকেই।
শেষ পর্যন্ত ১৫ ওভার পর বল পরিবর্তন করতে হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাস্যরস চলছে সমানতালে। হায়দরাবাদ দল মজা করে প্রতিপক্ষকে গোলাপি বলের ম্যাচ জয়ের অভিনন্দনও জানিয়েছে।
মাঠের লড়াইয়েও হতাশ করেছে হায়দরাবাদ। তারা লাহোর কালান্দার্সের কাছে ৬৯ রানে পরাজিত হয়েছে।
