বোর্নমাউথের বিপক্ষে বেঞ্চে অধিনায়ক ব্রুনো

স্পোর্টস ডেস্ক
কোচের কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনা, এরপরই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে জায়গা! ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন আলোচনা। বোর্নমাউথের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে পর্তুগিজ এই মিডফিল্ডারকে শুরুর একাদশে রাখেননি কোচ মাইকেল ক্যারিক।

গত বুধবার চ্যাম্পিয়নস লিগে কোমোর কাছে ৪-১ গোলে হারের পর ইউনাইটেডের খেলার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফার্নান্দেজ। তাঁর মতে, প্রতিপক্ষকে বেশি জায়গা দেওয়ার পরিবর্তে আরও আক্রমণাত্মকভাবে প্রেসিং করা উচিত ছিল দলের। কৌশল নির্ধারণের দায়িত্ব কোচ ও তাঁর স্টাফদের এমন মন্তব্যও করেছিলেন তিনি।

ফার্নান্দেজের এই বক্তব্যের পর থেকেই তাঁকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে ক্যারিক স্পষ্ট করে বলেননি, পর্তুগিজ তারকার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না। তিনি শুধু জানিয়েছিলেন, দলের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন।

বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগে ফার্নান্দেজকে একাদশে না রাখার কারণ জানতে চাইলে ক্যারিক বলেন, ‘দলে যখন একাধিক বিকল্প থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন। দলের কাছ থেকে যে পারফরম্যান্স চাই, তা পাওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটা পুরোপুরি ফুটবলীয় সিদ্ধান্ত।’

ক্যারিকের এই ব্যাখ্যার পরও ফার্নান্দেজকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা থামছে না। কোচের কৌশল নিয়ে সমালোচনার পরই অধিনায়ককে শুরুর একাদশের বাইরে রাখায় দুই ঘটনার মধ্যে সম্পর্ক আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ক্যারিকের বক্তব্য অনুযায়ী, এটি দলের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।

এই ম্যাচে ফার্নান্দেজের পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন হ্যারি ম্যাগুয়ার। মৌসুমের শুরুটাও ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগের প্রথম সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থেকে বোর্নমাউথের মুখোমুখি হয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights