ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
টম ব্যান্টনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে ১৩২ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ২২৩ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বেন ডাকেটকে হারায় ইংল্যান্ড। এরপর জো রুটকে সঙ্গে নিয়ে ব্যান্টন দলের বিপর্যয় সামাল দেন। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৬২ রান। রুট ৩৭ বলে ১৮ রান করে ফিরলে ব্যান্টনের সঙ্গে জুটি গড়েন ব্রুক।
তৃতীয় উইকেটে দুজন মিলে ১৫০ রান যোগ করে ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ১০৫ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্যান্টন। ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার ১৬টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।
ব্যান্টন ফেরার পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ এবং জর্ডান কক্স ৫২ বলে ৭৬ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে দিলহারা ফার্নান্দো নেন ৩ উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের বলে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুশল মেন্ডিস ২৬ বলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।
১৭তম ওভারে ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ১৩২ রানে অলআউট হয় তারা। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২৬ রানে ৩টি এবং গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন। ফলে ২২৩ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।
