ব্রিটিশ বিমানঘাঁটি ঘিরে সন্ত্রাসবিরোধী অভিযান, গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে রাফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিমানঘাঁটির আশপাশের ৮৫টি পরিবারের বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্লুচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, রবিবার ভোর ৪৫ মিনিটে বিমানঘাঁটির দিকে তিনটি সন্দেহজনক যানবাহন যাওয়ার খবর পায় তারা। পরে বিমানঘাঁটি থেকে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরের ওয়েলফোর্ড এলাকায় পাঁচজনকে আটক করা হয়।

পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি যানবাহন পরীক্ষা করছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় প্রায় ৪০০ মিটারের নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। ঘটনাটির তদন্তের নেতৃত্ব দিচ্ছে কাউন্টার টেরোরিজম পুলিশিং।

প্রথমে পাঁচজনকে বিস্ফোরক আইনের অধীনে অপরাধের সন্দেহে আটক করা হয়। পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগেও তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্য কোনো ব্যক্তিকে খোঁজা হচ্ছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তবে কর্মকর্তারা এখনো এটিকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেননি।

ঘটনার পর ৮৫টি পরিবারের সদস্যকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে স্থানীয় একটি অবকাশকেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়। অনেক বাসিন্দা জানান, ভোরে পুলিশ তাদের ঘুম থেকে তুলে দ্রুত বাড়ি ছাড়তে বলে।

স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি বিমানঘাঁটির কাছে মুখোশ পরা কয়েকজন ব্যক্তিকে তিনটি ভ্যানের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং চলমান অভিযান নিয়ে বিস্তারিত মন্তব্য না করে বলেন, ইরানের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে এখনই মন্তব্য বা অনুমান করা দায়িত্বশীল হবে না।

রাফ ফেয়ারফোর্ড দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শীতল যুদ্ধের সময় থেকে ঘাঁটিটি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক’ হামলার ক্ষেত্রেও ঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights