ভাঙ্গায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর লাশ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর হাবিব বেপারী (৬৫) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বালিয়াহাটি গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। হাবিব বেপারী বালিয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কহিনূর বেপারী বলেন, লাশটি বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে মাঠের মধ্যে পাওয়া গিয়েছে। এলাকায় হাবিব বেপারী ভালো লোক হিসাবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের পিতা ছিলেন।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলমগীর খান বলেন, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে হাবিব বেপারী নিখোঁজ ছিলেন। রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল ৯ টার দিকে স্থানীয় ব্যক্তিরা গ্রামের গম ও কালাই খেতের মাঝে তার লাশ দেখতে পায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের থুতুনি ভেঙে গিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
