ভারতের বিপক্ষে ‘অনন্য’ এক কীর্তির মালিক শুধুই হেনরি
চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ভারত। দুবাইতে রবিবার (৩ মার্চ) আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে রোহিত বাহিনী। জবাব দিতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রানে থামে নিউজিল্যান্ড। ৪৪ রানের জয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেয়েছে ভারত। ভারতের বিপক্ষে ম্যাচে ‘অনন্য’ এক কীর্তি গড়েছেন ম্যাট হেনরি।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪২ রানে পাঁচ উইকেট নেন নিউজিল্যান্ড পেসার হেনরি। এই টুর্নামেন্টে এশিয়ার এই পরাশক্তিদের বিপক্ষে এমন স্বাদ আগে পায়নি কেউ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি নিউজিল্যান্ডের কোনও বোলারের দ্বিতীয় সেরা বোলিং। রেকর্ডটি সাবেক পেস বোলিং অলরাউন্ডার জ্যাকব ওরামের। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
হেনরির চমৎকার বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারত। শ্রেয়াস আইয়ারের ফিফটি এবং আকসার প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার চল্লিশোর্ধ ইনিংসে ৯ উইকেটে ২৪৯ রান করে তারা। ২ ছক্কা ও ৪টি চারে ৯৮ বলে ৭৯ রান করেন শ্রেয়াস। আকসারের ব্যাট থেকে আসে ১ ছক্কা ও ৩ চারে ৪২ রান। ৪৫ বলে ৪৫ রান করতে পান্ডিয়া মারেন ২ ছক্কা ও ৪টি চার।
বোলারদের রান আটকানোর পরীক্ষায় ফেলতে এদিন আগে ব্যাটিং পেয়ে খুশি ছিলেন রোহিত শার্মা। কিন্তু দলকে ভালো শুরু এনে দিতে পারেননি তিনি ও টপ অর্ডারের অন্য দুইজন। আগের দুই ম্যাচে অপরাজিত ১০১ ও ৪৬ রান করা গিল যেতে পারেননি দুই অঙ্কে। হেনরির বলে এলবিডব্লিউ হন মাত্র ২ রান করে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারত ওপেনার।
ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে খেলতে নেমে ব্যর্থ বিরাট কোহলিও (২ চারে ১১)। হেনরির করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে শট খেলে পয়েন্টে ধরা পড়েন তিনি গ্লেন ফিলিপসের চোখধাঁধানো এক ক্যাচে। হেনরির পরের শিকার রবীন্দ্র জাদেজা। ইনিংসের শেষ ওভারে এই পেসারের শর্ট বলে ক্যাচ তুলে দেন পান্ডিয়াও। তখন হেনরির নামের পাশে ৪ উইকেট, বল বাকি তিনটি। তার পাঁচ উইকেট পূর্ণ হওয়া নিয়ে জাগে সংশয়। কিন্তু শেষ বলে ছক্কার চেষ্টায় মোহাম্মদ শামি ক্যাচ আউট হলে কাঙ্ক্ষিত কীর্তিটি গড়ে ফেলেন হেনরি।
ওয়ানডেতে এটি তার তৃতীয় পাঁচ উইকেট। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট হেনরির ক্যারিয়ার সেরা বোলিং। আরেকবার পাঁচ উইকেট পান তিনি দুই বছর পর, শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রানে।
