ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে আইএমএফের ঋণ, উদ্বিগ্ন দিল্লি

অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাশে দাড়াল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। শুক্রবার (৯ মে) ওয়াশিংটনে বৈঠকে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড এ ঋণ অনুমোদন দেয়।

আইএমএফ-এর এই ঋণ মঞ্জুর নিয়ে ক্ষুব্ধ ভারত। কেননা, পাকিস্তানকে ঋণ দেওয়ার বিরোধিতা করেছিল মোদি সরকার। জানা যায়, শুক্রবার ওয়াশিংটনে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভারত উদ্বেগ প্রকাশ করে। দেশটি দাবি করে, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই তাদের যেন ঋণ না দেওয়া হয়। পরে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকেও ভোটদানে বিরত থাকে ভারত। যদিও ভারতের বিরোধিতা উপেক্ষা করেই শেষ পর্যন্ত পাকিস্তানকে অতিরিক্ত ঋণ মঞ্জুর করে আইএমএফ।

ভারতের ভোটদান থেকে বিরত থাকার পেছনে কারণ হিসেবে দেশটির গণমাধ্যম জানিয়েছেন, আইএমএফের নিয়ম অনুযায়ী, ভোটাভুটির ক্ষেত্রে বিরোধিতার কোনও সুযোগ নেই। অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হবে নয়তো ভোটদানে বিরত থাকতে হবে। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের জোরালো যুক্তি থাকলেও ভোটাভুটিতে বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না। তাই ভোটদানে বিরত থেকেই প্রতিবাদ করে তারা।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইএমএফের কাছ থেকে দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা। আইএমএফ প্রকল্পের শর্তও মানেনি।’ যদিও ভারতের এসব অভিযোগ ধোপে টেকেনি। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিয়েছে আইএমএফ।

আর আইএমএফের এমন সিদ্ধান্তে যে ক্ষুব্ধ ভারত; সেটা পরিষ্কার হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর এক্সে দেওয়া পোস্টে। তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত নই আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে মনে করে উপমহাদেশে বর্তমান উত্তেজনা কমে যাবে। যখন কিনা আইএমএফ পাকিস্তানকে পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গা ধ্বংস করার জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার জন্য অর্থ প্রদান করছে তারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights