ভারতে ৪১ কোটি টাকা মূল্যের ১৮ কেজি ‘তিমির বমি’ জব্দ

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যে সমুদ্র উপকূলে তিমির বমি পাচার চক্রের খোঁজ পাওয়া গেছে। রাজ্যের রাজস্ব দপ্তরের কর্মকর্তারা তুতিকোরিন উপকূলে তল্লাশি অভিযান চালিয়ে ১৮ কেজি বমি জব্দ করেন। যার বর্তমান বাজারদর প্রায় ৩১ কোটি ৬৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ কোটি ৮৮ লাখ ৪২ হাজার টাকা)।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গোপন সূত্রে খবর পান তামিলাড়ুর উপকূল থেকে তিমির বমি পাচার হচ্ছে। সেই খবর পেয়ে শনিবার তুতিকোরিন উপকূলে হানা দেন তারা। গাড়িতে করে পাচার করা হচ্ছিল সেই বমি। তদন্তকারীরা গাড়িটিকে আটক করে সামনের আসনের নিচ থেকে ১৮ কেজি ১০০ গ্রাম বমি উদ্ধার করেন।

এ সময় গ্রেফতার করা হয় পাচার চক্রের পাঁচজনকে। গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তুতিকোরিন উপকূল থেকে প্রায়ই তিমির বমি পাচার হয়। কিন্তু কোথায় পাচার হয় সে বিষয়ে মুখ খোলেননি তারা। তবে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন, এই বমি কোথায় কোথায় পাচার করা হচ্ছিল। শুধু তা-ই নয়, এই পাচার চক্র কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা-ও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, তিমির বমিকে ‘অ্যাম্বারগ্রিস’ বলা হয়ে থাকে। ‘স্পার্ম হোয়েলে’ বমির দাম আন্তর্জাতিক বাজারে বিপুল। তেমনি চাহিদাও প্রচুর। ভারতের ১৯৭২ সালের বন্য প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রজাতির তিমিকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights